06.03.26 News portal,
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইসরাইলের তেল আবিবে এক দম্পতি ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয়, আশ্রয়কেন্দ্রে অবস্থান করা অনেক মানুষও অংশ নেন।
বুধবার (৪ মার্চ) ইসরাইলি চ্যানেল ১৩–এর এক অনুষ্ঠানে মারিয়ানোফ জানান, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন। বাকি অতিথিরা ছিলেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ, যারা আনন্দের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।
তিনি বলেন, মানুষ শুধু তাদের আনন্দে অংশ নিতে ও শুভেচ্ছা জানাতে এসেছিল। কঠিন পরিস্থিতির মাঝেও অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও স্মরণীয়।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ শুরুর পর থেকে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে দম্পতি দুশ্চিন্তায় ছিলেন। তবে মঙ্গলবার (৩ মার্চ) বিয়ের সময় তেল আবিবে কয়েকবার সাইরেন বেজে উঠলেও, নবদম্পতি ও অতিথিরা নিরাপদ আশ্রয়কেন্দ্রেই অনুষ্ঠান চালিয়ে যান।
নবদম্পতির ভাষায়, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রিয়জনদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে পারা ছিল তাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

0 Comments